মনোনয়নবঞ্চিত চার নেতাকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা



জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বি এম মোজাম্মেল হকআওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া চার হেভিওয়েট নেতাকে নিরাশ না হতে বলেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে গণভবনে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
ক্ষমতাসীন দলের এই চার নেতা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং দলটির অন্য সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দলীয় মনোনয়ন পাননি।
গণভবন সূত্রে এসব জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিকেল ৫টার পর তার সরকারি বাসভবন গণভবনে যান এই চার নেতা। প্রধানমন্ত্রী তাদের নিরাশ না হতে বলেন।
জাহাঙ্গীর কবির নানকের ঢাকা-১৩ থেকে সাদেক খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসন থেকে মনোনয়ন পাওয়ায় বাদ পড়েছেন আগের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম। মো. আব্দুর রহমানের ফরিদপুর-১ আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন বুলবুল। বি এম মোজাম্মেল হকের শরীয়তপুর-১ আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু।