বিএনপির সূত্র জানা গেছে, আবদুল আউয়াল মিন্টু ফেনী-১ ও ৩ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন। আর মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-২, হাবিবুন উন নবী খান সোহেল ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করার কথা ছিল। কিন্তু এই তিনজনের কেউই বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেননি।
আবদুল আউয়াল মিন্টু নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, আব্দুল আউয়াল মিন্টু নির্বাচনে অংশ নিচ্ছেন না।
এই বিষয়ে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন আলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির দুই প্রধান নেতা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারবে না, আমিও নির্বাচন করবো না।’
হাবিবুন উন নবী খান সোহেল বর্তমানে কারাগারে রয়েছে। তার ব্যক্তিগত সহকারী সাইফুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোহেল ভাই নির্বাচনে করছে না। তবে কেন তিনি নির্বাচন করবেন না, তা আমি বলতে পারবো না।’
তবে ফেনী-১ আসন খালেদা জিয়াসহ আরও দুই জন বিএনপির প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর ফেনী-৩ আসনে আব্দুল লতিফ জনি ও আকবর হোসেন মনোনয়ন জমা দিয়েছে। ঢাকা-৮ আসনে আসাদুজ্জামান রিপন মনোনয়ন জমা দিয়েছেন।