‘৩০০ আসনে ৮০০ নমিনেশন বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব’


received_2143929445921330৩০০ আসনে ৮০০ নমিনেশন দেওয়ার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জাতীয় সংসদ নির্বাচন-সমসাময়িক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘৩০০ আসনে বিএনপি নমিনেশন দিয়েছে ৮০০ জনকে। বাংলাদেশের ইতিহাসে কোনও রাজনৈতিক দল এ পর্যন্ত ৩০০ আসনে ৮০০ নমিনেশন দেয়নি। এবার বিএনপি দিয়েছে। তবে দুষ্টু লোকেরা বলছে, তারা নাকি নির্বাচনি ফান্ড কালেকশনসহ আরও নানা কারণে সবাইকে চিঠি দিয়েছে। অর্থাৎ বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও প্রচণ্ডভাবে, চরমভাবে ও উৎকটভাবে উঠে এসছে।’
সরকারি দল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে—সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের অভিযোগের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা যে প্রতিদিন সংবাদ সম্মেলন করে মিথ্যা সংবাদ পরিবেশন করছেন, এটা তো আচরণবিধির চরম লঙ্ঘন। বাংলাদেশে দুই বছরের বেশি দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অযোগ্য হলেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি তারেক রহমান, যিনি নির্বাচনে অযোগ্য, তিনি কীভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারা যোগ্য তা ঠিক করে দেন? এটিও আচরণবিধির চরম লঙ্ঘনের মধ্যে পড়ে।’
সম্প্রতি একাধিক বিএনপি নেতা বলেছেন, নির্বাচনে থাকবে কিনা তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে নির্বাচনের মাঠে নেমে বিএনপি নেতারা বুঝতে পেরেছেন তাদের জনসমর্থন নাই, কর্মীদের সমর্থনও নেই। কারণ, এতদিন যেসব নেতাকর্মীর খবর রাখেননি, তাদের জন্য কর্মীদের মাঠে নামার কোনও কারণ নাই। সুতরাং বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা পালাবার পথ খুঁজছেন!’
বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, ‘নির্বাচন ছেড়ে মাঝপথে পালানোর চেষ্টা না করে নির্বাচনের মাঠে থাকুন। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে চাই।’
দৈনিক সময়ের সংবাদের উপদেষ্টা সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, শাহাবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক, দৈনিক সময়ের সংবাদ পত্রিকার সম্পাদক এম এ রব রনি প্রমুখ।