‘প্রশাসনে রদবদল ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রশাসনে রদবদল করে কাদের আনতে চান, বলুন। তিনি নির্বাচন কমিশনে (ইসি) তালিকা পাঠান, কাদের প্রশাসনে আনতে চান। এমনি বললে তো আর হবে না।’
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা যারা ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিদের নিয়েই আজকের গেট টুগেদার। অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমন ব্যক্তিদের নিয়ে এখানে মতবিনিময় হবে।
আগামী নির্বাচনে তারা কোনও সাহায্য করবেন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো সহযোগিতা চাইবোই। আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতিক কর্মী সবার সহযোগিতা চাইবো। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব তাদের নিয়ে ঢাকা ক্লাবে গেট টুগেদার হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আয়োজনে মতবিনিময়ে দলীয় নেতাদের মধ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, উপ-কমিটির সদস্য ডা. নুজহাত চৌধুরী, সুব্রত সাহা, মেলন পাঠান, সুজন হাজং প্রমুখ উপস্থিত ছিলেন।
সংস্কৃতি কর্মীদের মধ্যে নায়ক আলমগীর, ড. ইনাম আল হক, ম হামিদ, রবীন্দ্র গোপ, মনোরঞ্জন ঘোষাল, ইমদাদুল হক মিলন, নায়ক রিয়াজ, ফেরদৌস, নায়িকা অপু বিশ্বাস, মৌ, তানভীন সুইটি, সুবর্ণা মোস্তফা, অরুণা বিশ্বাস, শমী কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।