আমরা প্রচারণা চালাচ্ছি গেরিলা কায়দায়, চোরাগোপ্তাভাবে: মির্জা আব্বাস

নির্বাচনি প্রচারে মির্জা আব্বাসবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে (মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা) ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘মাঠের অবস্থা ভালো না। আমরা প্রচারণা চালাচ্ছি গেরিলা কায়দায়, চোরাগোপ্তাভাবে।’

প্রচারণায় পিছিয়ে থাকলেও শুক্রবার (২১ ডিসেম্বর) থেকে বেশ সক্রিয় দেখা গেছে বিএনপির প্রার্থীদের। এদিন দুপুরে শাজাহানপুর, শান্তিনগর ও রাজারবাগ এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল করেছেন মির্জা আব্বাস।

সক্রিয়ভাবে প্রচারণা চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খবর পেলাম ওরা (ক্ষমতাসীন দল) প্রায় দেড়শ মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছে। আমরা যেদিকে যাবো ওরা সেদিকে হামলা চালাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সেই সুযোগটা তাদের দেইনি। আজ তারা সেই সুযোগ পায়নি। আজ তাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেছে।’

সাংবাদিকদের মির্জা আব্বাস আরও বলেন, ‘আপনারা দেখেছেন আমরা কয়জন লোক নিয়ে মিছিল শুরু করেছিলাম আর কয়জন লোক নিয়ে শেষ করলাম। জনগণের স্রোতের মুখে তাদের সব চক্রান্ত ছিন্ন হয়ে যাবে।’

ঢাকা-৮ ও ৯ আসনে সবচেয়ে বেশি হামলা হয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘ইসিতে অভিযোগও করেছি। ইসির পক্ষ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। ইসি মনে হয় কথা বলতেও জানে না, কানেও শোনে না। তারা বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আছে। রাজধানীতে ধানের শীষের প্রার্থীদের জনপ্রিয়তা কোনও অংশেই কম নয়। আপনারা খেয়াল করলে দেখবেন, রাস্তার পাশের মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল। মানুষগুলো আতঙ্কিত।’