ইশতেহারে নতুনত্ব আছে জানিয়েছে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী বলেন, ‘ইশতেহার আওয়ামী লীগের প্রতিশ্রুতি, ওয়াদা। এই ওয়াদা কীভাবে পূরণ করা হবে, তার বর্ণনাও সেখানে দেওয়া আছে।’
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে শেখ হাসিনার সরকার (২০০৯-২০১৮)’ গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘তরুণ সম্প্রদায় যারা আমাদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রেখেছে, তারা নিশ্চয় অন্য কিছুতে কান দেবেন না। তারা নৌকা মার্কাকে জয়যুক্ত করবেন। আমাদের প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে, এতো পরিশ্রম করে নিজের জন্য কিছু করেননি, মানুষের জন্যই করেছেন। উনার জীবনটা উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, বাংলাদেশের অগ্রযাত্রার পথে আপনারা সমর্থন দেন, সাহায্য করেন।’
তিনি আরও বলেন, ‘ইশতেহারে নতুনত্ব এসেছে। এর একটা হচ্ছে, ভবিষ্যত বাংলাদেশে হবে ছোট্ট একটা গ্রাম। যেখানে শহরের আধুনিক সব সুযোগ থাকবে। যার ফলে মানুষকে শহরে আসতে হবে না।’
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘ড. কামাল হোসেন একটু আগে আমাদের পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী, জানোয়ার বাহিনী বলে সম্বোধন করেছেন। নির্বাচন পৃথিবীর সব দেশেই হয়। নির্বাচন হলে কী হয়? একটি সরকার যায়, আরেকটি সরকার আসে। এই মুহূর্তে বাংলাদেশের সাড়ে তিন কোটিরও বেশি পরিবার কোনও না কোনোভাবে সামাজিক নিরাপত্তার সুযোগ-সুবিধা ভোগ করছে। সুতরাং প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।’
প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সামাদ খান ও অধ্যাপক মেরিনা জাহান প্রমুখ।