গণফোরামের একজন নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বাংলা ট্রিবিউনকে জানান, ‘নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেওয়ার পক্ষে। তারা মনে করছেন বিএনপির পাঁচ জনেরও শপথ নেওয়া উচিত। কারণ শপথ নিলে আমরা আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারবো।’
গণফোরামের অপর একটি সূত্র জানান, বর্ধিতসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামের সদস্য ও কুড়িগ্রাম-২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেজর জেনারেল (অব) আমসা আমিন বলেন, ‘আমার মনে হয় শপথ নেওয়া ঠিক হবে না। কারণ শপথ নেওয়া মানেই হলো নির্বাচনকে বৈধতা দেওয়া।’
সংসদে যাওয়ার ইঙ্গিত দিয়ে মৌলবীবাজার-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর বলেন, ‘আমাদের সংগঠনের ভিত্তিকে মজবুত করতে হবে। জনগণের সেবা করতে হবে।’
গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের পরবর্তী করণীয় ঠিক করতে বর্ধিত সভা চলছে। পরবর্তীতে বর্ধিত সভার বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে।’