মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দলের আহত এক কর্মীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। দুর্বৃত্তদের হামলায় আহত যশোরের যুবদল কর্মী ফয়সালকে দেখতে যান বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সারাদেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ প্রতিটি জেলায় অত্যাচার, নির্যাতন ও নৈরাজ্য সৃষ্টি করেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল করার যে কৌশল নিয়েছিল, তা জাতির সামনে উঠে এসেছে। এই সরকারের কোনও লজ্জা-শরম নেই। ক্ষমতাসীন সরকার একাদশ সংসদ নির্বাচনে এত বড় একটা চুরি করেছে যে, তা এখন সামাল দিতে পারছে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘যশোরের যুবদল কর্মী ফয়সালকে ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে আট ব্যাগ রক্ত দিতে হয়েছে। ক্ষমতা কি ভয়ঙ্কর! মানুষকে আর মানুষ মনে হয় না তাদের। দেশের কোনও মানুষের মুখে হাসি নেই। কারও মুখেই হাসি দেখি না। নির্বাচন নিয়ে সবার বুকের মধ্যে কষ্ট।’
হাসপাতালে এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শায়রুল কবির খান প্রমুখ।