আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
এদিকে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যান পদে এমপিরা প্রভাব খাটিয়ে একক নাম পাঠাচ্ছেন, এমন অভিযোগ আসতে পারে। তবে নিয়ম ভঙ্গ করে এককভাবে যদি কোনও নাম বা তালিকা আসে, সেজন্য আমাদের মনোনয়ন বোর্ড আছে। সেখানে এসব অভিযোগের ফয়সালা হবে। সঠিকভাবে নাম না আসলে জরিপ রিপোর্ট ও অন্যান্য বিষয় মিলিয়ে আমরা মনোনয়ন দেবো। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের ওপর আমরা ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেবো না।’
ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রবিবার (৩ ফেব্রুয়ারি) প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ১২টি জেলার ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা নেওয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, আর মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।