বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রায় আমরা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে থাকি। তারই অংশ হিসেবে আজকের বৈঠক।’
জানা গেছে, বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা এই রুদ্ধদ্বার বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়ম, নির্বাচন কমিশন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার সর্বশেষ অবস্থা, আসন্ন উপজেলা নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে কূটনীতিকদের ব্রিফ করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি সংসদ নির্বাচনে ভোটের অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন কূটনীতিকদের সামনে। এরপর মির্জা ফখরুল ইসলাম বিরোধী দলের ওপর সরকারি দলের নির্যাতন ও রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আসম আব্দুর রব, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিব্লেট, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট বি. ওয়াপকিনস।