সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে: এম এ আউয়াল




১১১১১সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরুর তাগিদ দিয়েছেন ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। শনিবার (১৬ মার্চ) বিকালে রাজধানীর কলাবাগানে সংগঠনের এক সভায় তিনি এ তাগিদ দেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলিতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে ইউনাইটেড মুসলিম উম্মাহ।
এম এ আউয়াল বলেন, ‘আমি সমবেদনা জানাচ্ছি নিহত বাংলাদেশি অভিবাসী পরিবারের সদস্যদের প্রতি। আজকে গোটা পৃথিবীতে ধর্মীয় উগ্রবাদের উন্মেষ ঘটেছে। এই অবস্থা থেকে মানবজাতিকে ফিরতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা ক্রিকেট খেলতে গিয়েও তাদের জীবনকে অনাকাঙ্ক্ষিত হুমকিতে ফেলেছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দাবোধ করছি। আশঙ্কা করছি, আধুনিক রাজনৈতিক বিশ্বে ধর্মবিশ্বাস কবে ঘুচবে! আমাদের ইসলামসহ পৃথিবীর কোনও ধর্মেই সহিংসতা নেই, শান্তি ছাড়া। তাহলে কোন প্রত্যাশায় মানুষহত্যা, এই প্রশ্ন আজ সারা পৃথিবীর মানুষের।’
এম এ আউয়াল বলেন, ‘আমি মনে করি, সন্ত্রাসের কোনও ধর্ম নেই, সন্ত্রাসীর কোনও ধর্ম নেই। পৃথিবীতে মানুষ থাকবে, নয় সন্ত্রাস। দেশে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে হবে। আমাদের স্বধর্মীয় উপলব্ধি আরও বাড়াতে হবে। প্রকৃতভাবে ধর্মকে বুঝতে হবে। আমাদের মহানবী (সা.) কোনও অনিষ্টতার জন্য ইসলাম বা শান্তি নিয়ে আসেননি।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘নিউজল্যান্ডের সরকার সন্ত্রাসীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং মানুষের নিরাপত্তা আরও সুরক্ষিত করতে সচেষ্ট হবে, বিশ্বাস করি।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমাদের দেশে উগ্রবাদীদের আইনের আওতায় আনা হোক।’