বুধবার (২৭ মার্চ) বিএনপি আয়োজিত র্যালিটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শান্তিনগর মোড়ে পৌঁছালে ফ্লাইওভারের নিচে একটি পিলার ভিতের ওপর দাঁড়িয়ে প্রায় ৫ মিনিটের মতো নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দেন তিনি। র্যালিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন।
এর আগে স্বাধীনতা দিবসের শোভাযাত্রার ট্রাকের অস্থায়ী মঞ্চ থেকে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আজ দেশে স্বাধীনতার ৪৮ বছর। আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? না, এখনও আমরা স্বাধীন ও মুক্ত নই। একটা পাথর আমাদের বুকের ওপর চেপে বসেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘যিনি তার (খালেদা জিয়া) সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আজকে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না।’
র্যালিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগানের প্লেকার্ড, জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া মহিলা দলের নেতাকর্মীরা লাল-সবুজের শাড়ি এবং মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা টুপি এবং গেঞ্জি পরে র্যালিতে অংশ নেন।
এদিকে বিএনপির র্যালিকে কেন্দ্র করে দলটির কার্যালয় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।