বুধবার (২৭ মার্চ) বিএনপির সহদফতর সম্পাদক বেলাল আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ান মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ২৬৬ সদস্যের ঢাকা জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। আর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দুই পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যের নাম নেই সংবাদ বিজ্ঞপ্তিতে।
কমিটির বাকি সদস্য কারা জানতে বেলাল আহমেদকে ফোন করেও পাওয়া যায়নি। দলটির আরেক সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সাধারণত সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দিয়ে থাকি। বাকি সদস্যদের নাম দেওয়া হয় না। তবে সংশ্লিষ্ট কমিটিকে বাকি সদস্যদের তালিকা দেওয়া হয়।’
প্রসঙ্গত, ২০১৬ সালে ৩০ আগস্ট দেওয়ান সালাউদ্দিন সভাপতি ও আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির কমিটি হয়। আর ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি হয়। এদের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ান সালাউদ্দিন (ঢাকা-১৯), আবু আশফাক (ঢাকা-১), কাজী মনিরুজ্জামান (নারায়ণগঞ্জ-১) ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী ছিলেন। তবে আবু আশফাকের প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি নির্বাচন করতে পারেননি।