বুধবার (৩ মার্চ) বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস উপলক্ষে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘দেশে যারা খালেদা জিয়াকে বলতো—আহা কী সুন্দর, কিন্তু দেখতে সুন্দর হলে কী হবে, তার ভেতরে যে কালো, তা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত। ক্ষমতায় থেকে দেশকে কিছু দিতে পারেন নাই। তিনি তার ছেলেকে দিয়ে দেশ ধ্বংস করেছেন। এমনকি দুর্নীতি করতে করতে এতিমদের টাকা পর্যন্ত আত্মসাৎ করেছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদের ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না। জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেখানে কেউ বাধা দিতে আসলে, সেই বাধা উড়িয়ে দেবে দেশের জনগণ।’
ক্ষমতাসীন দলের নেতা হানিফ বলেন, ‘৭৫-এর পর থেকে যারা ক্ষমতায় ছিল, তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। আজকে ১০ বছর হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আর এই ১০ বছরে আমাদের দেশের ব্যাপক পরিবর্তন এবং উন্নয়ন হয়েছে, মানুষ শান্তি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘২০০৬ সালে বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, তখন হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি করে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যে বাংলাদেশকে পৃথিবীর সব দেশ বলতো ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, আজ সেই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে।’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘এতিমের টাকা আত্মসাতের দায়ে যিনি কারাগারে আছেন, তাকে মুক্ত করার দায় বাংলাদেশের জনগণ কখনও নেবে না। যিনি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিদেশে পলাতক, তাকে যদি দেশে ফিরিয়ে আনা হয়, দেশের জনগণ রাজনীতিতে তাকে গ্রহণ করবে না।’
বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, ‘কেন আন্দোলন করে দেশকে আরও নিচের দিকে ধাবিত করতে চাচ্ছেন। অনুরোধ থাকবে, নিজেদের কথা বাদ দিয়ে জনগণের কথা ভাবেন। দেশের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতা করেন। উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন না। তাহলে জনগণ আপনাদের কখনও ক্ষমা করবে না।’