সোমবার (৮ এপ্রিল) বিকালে ‘ভবনের কর্মদক্ষতা ভিত্তিক অগ্নি সুরক্ষাঃ বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।
বিএনপি নেতারা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসা ও রোগমুক্তি নিয়ে আন্তরিক নয় মন্তব্য করে হানিফ বলেন, ‘তাদের মূল লক্ষ্য খালেদা জিয়ার চিকিৎসার নাম করে রাজনীতি করা। প্যারোলে মুক্তির বিষয়টি কেন, কি কারণে এসেছে জানি না? প্যারোলে মুক্তির বিষয়টার বিষয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে যদি আবেদন করা হয়, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারে,যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এই ধরনের আন্দোলনের হুমকি দিয়ে কোনও লাভ হবে না। যদি সত্যিকার অর্থেই খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন থাকেন, তাহলে আইনি প্রক্রিয়াতেই যোগাযোগ করেন।’
হানিফ বলেন, ‘বিএনপি নেতারা শুধু সরকারের ব্যর্থতাই খুঁজে বেড়ান। অথচ দেশটাকে তারা ধ্বংসের মুখে রেখে গিয়েছিলেন। অথচ সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে একজনও বলেনি সরকারের আমলে এই উন্নয়ন কাজ হয়েছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করে হানিফ বলেন, ‘রাজনীতিটা দেশের জন্য, জনগণের জন্য করা উচিত। রাজনীতিটা শুধু ব্যক্তিগত ও পরিবারের জন্য যদি চিন্তা করেন, তখন কিন্তু সব কিছুর মধ্যে খারাপ ছাড়া ভালো চোখে পড়বে না। আমার অনুরোধ এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার করা ব্লেইম গেম রাজনীতি থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত।’
সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হোসেন মনসুর। বক্তব্য রাখেন রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আলী আহম্মদ খান।