নুসরাত হত্যার দ্রুত বিচার চায় ধর্মভিত্তিক দলগুলো

 

খেলাফত মজলিসের প্রতিবাদ সভাফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার বিচার দ্রুত করার দাবি জানিয়েছে দেশের ইসলাম ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলো। বৃহস্পতিবার (১১ এপ্রিল) একাধিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ও বিবৃতি দিয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘বিচারহীনতার কারণে সমাজে পাশবিকতা চরম পর্যায়ে পৌঁছেছে। পরীক্ষা কেন্দ্রের মতো একটি নিরাপদ জায়গায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নুসরাত জাহান রাফির নির্মম হত্যাকাণ্ডে জড়িত সবাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডেমরায় অপহরণ ও হত্যার শিকার ৮ বছরের শিশু মাদ্রাসাছাত্র মনিরের হত্যাকারীদেরকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।  রাফি ও মনির হত্যার বিচার দ্রুত বিচার আইনে করতে হবে।’

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ অনুষ্ঠানে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক  মাওলানা আজীজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল প্রমুখ।

নুসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাকারীরা মানুষ নামের কলংক। কোনও সভ্য মানবসমাজে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা কখনও কল্পনাও করা যায় না। নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশবাসী ঐক্যবদ্ধ। এ ধরনের ঘটনা যাতে আর কেউ ঘটাবার সাহস না পায়, সেজন্য জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।’

আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের সাধারণ সভাইউনাইটেড ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট এম এ আউয়াল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘অপরাধী যে কেউ হোক, তার বিচার নিশ্চিত করতে হবে।’

চট্টগ্রামে বৃহস্পতিবার সকালে আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের সাধারণ সভায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান আবুল কাশেম নূরী। তিনি বলেন, ‘মাদ্রাসা অধ্যক্ষের প্ররোচনায় শিক্ষার্থীকে অগুনে পুডিয়ে হত্যা আলেম সমাজের ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে।’

প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী যুব আন্দোলন। বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মাওলানা নেসার উদ্দিন এক বিবৃতিতে বলেন, ‘অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে। সাগর-রুনির ঘটনা, তনু হত্যার ঘটনা, এসপি বাবুল আক্তারের স্ত্রীর ঘটনা। প্রতিদিন আরও কত ঘটনা ঘটছে, কিন্তু দোষীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। এটা কোন সভ্য দেশের নমুনা হতে পারে না। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা জাহেলিয়াতের কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। নুসরাত হত্যার ঠিক তদন্ত করে হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’

ইসলামী ছাত্রশিবিরও বিবৃতি দিয়ে ফেনীতে মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।