রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা এবং তারাবি ও সেহরির সময় বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে সরকারকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। রবিবার (৫ মে) এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
চরমোনাই পীর বলেন, রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস। এই মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে। রমজানের পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের মধ্যে রাখতে হবে। গরিব, অসহায় ও মেহনতি মানুষ যেন অর্ধাহারে ও অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘শুধু উপবাস থাকাই রমজানের সাফল্যের শর্ত নয়, পাপ কাজ থেকে বিরত না থাকলে রমজানের ফল পাওয়া যাবে না।’
এদিকে রমজান মাসকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে ইসলামী আন্দোলনের।