দেশের ইতিহাসে এত ভালো রাস্তা কখনও ছিল না-ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তার এই বক্তব্য জনগণের সঙ্গে চরম রসিকতা। সড়ক ব্যবস্থা এতটাই ভালো যে শুধু ঢাকার অদূরে গাজীপুর যেতে সময় লাগে কমপক্ষে ৪-৫ ঘন্টা। উত্তরাঞ্চলের অবস্থা আরও নাজুক।’
সড়কের বেহাল দশার কারণে ঈদে ঘরমুখী মানুষ ট্রেনের দিকে ঝুঁকছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল শুরুর দিনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকালের ট্রেন বিকালেও পাওয়া যায়নি। রেলমন্ত্রী এজন্য জাতির কাছে দুঃখ প্রকাশও করেছেন। লঞ্চও ছাড়ছে দেরি করে। লঞ্চ ও বাস যাত্রীদের কাছ থেকেও আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া। ঈদ যাত্রার শুরুতেই চরম দুর্ভোগে পড়েছে মানুষ।’
খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘রমজানে চরম অসুস্থ অবস্থায় প্রিজন সেলে দিনাতিপাত করছেন তিনি (খালেদা জিয়া)। মানুষের প্রত্যাশা ছিল সরকার তাকে ঈদের আগেই মুক্তি দেবে। সম্প্রতি প্রধানমন্ত্রী লন্ডনে যা বলেছেন সেই প্রতিহিংসাই তিনি বাস্তবায়িত করছেন।’
দুঃসহ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘নেতাকর্মীরা সব নির্যাতন-নিপীড়ন সহ্য করে দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। বিএনপি ধাবিত হচ্ছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সুপরিকল্পিত ও দূরদর্শী সিদ্ধান্তে দল পরিচালনা করছেন। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই যেকোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করা হচ্ছে। ’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সাহেদা রফিক প্রমুখ।