ছাত্রদল সংকট নিরসনের দায়িত্বে মির্জা আব্বাস ও গয়েশ্বর




ছাত্রদল


ছাত্রদলের চলমান সংকট নিরসন করতে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যকে দায়িত্ব দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা হলেন মিজ্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৯ জুন) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক সূত্র এসব তথ্য জানা গেছে।

বিকেল সাড়ে ৫টা থেকে এই বৈঠক চলে রাত পৌনে ৮টা পর্যন্ত। এসময় লন্ডন থেকে স্কাইপে’তে তারেক রহমান বৈঠকে যুক্ত ছিলেন।

বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির এক নেতা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে ছাত্রদলের সংকট নিরসনে দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। এই দুই নেতা ছাত্রদলের সাবেক নেতাদের নিয়ে গঠিত সার্চ কমিটির সঙ্গে আলোচনা করে আন্দোলনকারী বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের বহিষ্কার আদেশ তুলে নিয়ে তাদের যোগ্যতার ভিত্তিতে যুবদল, স্বেচ্ছাসেবক ও তাঁতী দলে গুরুত্বপূর্ণ পদ দিতে বলেছেন তিনি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদলের সংকট সমাধান হয়ে গেছে। সাবেক ছাত্রনেতাদের এটি সমাধান করতে বলে দেওয়া হয়েছে।’ 

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানান, ছাত্রদের নতুন কমিটির গঠনের ব্যাপারে আগের সিদ্ধান্তে স্থির আছেন তারেক রহমান। ২০০০ সালে এইচএসসি পাশ করেছেন বা তারপরের নেতাকর্মীদের তাদের দিয়ে কমিটি করতে চান তিনি। আন্দোলনকারীদের সঙ্গে রবিবার (৩০ জুন) আলোচনা করে সংকট সমাধান করার কথাও জানানো হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদলের বিষয়ে যাদের দায়িত্ব রয়েছে, তারা তা পালন করবেন। তারাই পরবর্তীতে এ বিষয়ে জানাবেন।’

এছাড়াও বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী চার সপ্তাহের মধ্যেই এই কর্মসূচি পালন করা হবে। তবে কর্মসূচি ধরন ঠিক করা হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।