গ্যাসের মূল্য বৃদ্ধি: ৫ জুলাই ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশগ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন। সোমবার (১ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ঢাকা মহানগরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “বাজেটের কারণে একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে গড়ে ৩২.৮ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দেশবাসীর ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে পণ্যের দাম আরও লাগামহীন হয়ে উঠবে। গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পারিগুলো লাভে থাকা সত্বেও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।”

তিনি আরও বলেন, ‘সূত্র মতে, তিতাসে প্রতিমাসে সাড়ে ১২ শতাংশ গ্যাস চুরি হয়। সরকার তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে এর দায় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। জরিপের তথ্য মতে, ঢাকার ৮৪ শতাংশ মানুষের মাসিক আয় ২০ হাজার টাকার নিচে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সরকারকে অবশ্যই এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। নইলে জনগণ রাস্তায় নেমে আসবে।’

সভায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ জুলাই শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন- 

গ্যাসের দাম বৃদ্ধি: ৭ জুলাই সারাদেশে আধাবেলা হরতালের ডাক বামজোটের


আজ থেকে এক চুলা ৯২৫, দুই চুলা ৯৭৫ টাকা