নিজেরাই এখন ইয়াহিয়া খান হয়ে বসে আছি: মনজু

বক্তব্য রাখছেন মজিবুর রহমান মঞ্জু

জামায়াতে ইসলামীর সংস্কারপন্থীদের নতুন রাজনৈতিক মঞ্চ ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এর সমন্বয়ক মজিবুর রহমান মনজু বলেছেন, ‘ইয়াহিয়া খান-আইয়ুব খানকে আমরা হটিয়েছিলাম। এরশাদকে আমরা হটিয়েছিলাম। কিন্তু এখন আমরা নিজেরাই ইয়াহিয়া খান হয়ে বসে আছি।’

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ আয়োজিত ‘সংগঠক ও প্রতিনিধিদের মতবিনিময় ও পর্যালচনা’ শীর্ষক এক সভায় তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মনজু বলেন, ‘এদেশে রাজনীতি যারা করেছেন, তারা দেশ-ধর্ম-ভাষা নিয়ে খেলেছেন। কেউ ধর্মীয় জাতীয়তাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কেউ দেশ ও ভাষার জাতীয়তাকে বেশি গুরুত্ব দিয়েছেন। কে আগে আর কে পরে সেটা না করে যদি এই তিন জাতীয়তাকে আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের মধ্যে ঐক্যবোধ তৈরি হবে।’

জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ-এর সংগঠক ও প্রতিনিধিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হোন। আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন, পরামর্শ দিন। আমরা কাউকে ক্ষমতাচ্যুত করার জন্য আসেনি। আমরা এসেছি সবাই মিলে বাংলাদেশকে গড়ার জন্য। আমরা নতুন দল গড়ার জন্য আসিনি, বাংলাদেশের সব দলকে জোড়া লাগানোর জন্য এসেছি।’

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বাদ পেয়েছি, কিন্তু গণতন্ত্র পাইনি। ভাষার জন্য আন্দোলন হয়েছে, কিন্তু সেই সম্মান আমরা ফিরিয়ে আনতে পারিনি। দাবি আদায় ও সংগ্রামে বাংলাদেশের যে অহংকার, সেই অহংকার এখন আর নেই। বাংলাদেশের একটি রাজনৈতিক দলও বলতে পারবে না, তারা মানুষের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে পেরেছে।’

মতবিনিময় সভায় জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ-এর অন্যতম সমন্বয়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, ঢাকা মহানগরের সমন্বয়ক নাজমুল হুদা অপু, ব্যবসায়ী মোস্তফা আমিন মানিক এবং শ্রমিক নেতা আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।