এরশাদ রাজনীতির অপরিহার্য নাম: কাদের সিদ্দিকী

এরশাদ ও কাদের সিদ্দিকীসংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হুসেইন মুহম্মদ এরশাদ এক অপরিহার্য নাম।’

রবিবার (১৪ জুলাই) বিকালে দলের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এরশাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন কাদের সিদ্দিকী।

বিবৃতিতে কাদের সিদ্দিকী বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনও স্বৈরশাসক ক্ষমতা ছাড়ার পর ফের রাজনীতি করতে পারেননি, এক্ষেত্রে এরশাদ ছিলেন ব্যতিক্রম। তিনি শুধু রাজনীতিই করেননি, জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন।’