ব্যর্থতার অপবাদ ঘোচাতে চান খোকা-সালাম

বিএনপির সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের ব্যর্থতার দায় ঘুরে ফিরে নিজেদের ওপর আসা নিয়ে আক্ষেপ রয়েছে ঢাকা মহানগর বিএনপির শীর্ষ নেতা সাদেক হোসেন খোকা ও আবদুস সালামের। আর তাই তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লংমার্চ কর্মসূচি সফল করে সেই অপবাদ ঘোচাতে চান তারা। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই কর্মসূচি নিয়ে পৃথক দু’টি প্রস্তুতি সভায় খোকা-সালাম এ আশাবাদ প্রকাশ করেন। ভাসানী ভবনের দ্বিতীয় তলায় ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের যুগ্ম-আহবায়কদের নিয়ে এ প্রস্তুতি সভা করেন খোকা। সভায় উপস্থিত এক নেতা নাম না প্রকাশের শর্তে জানান, বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা তার বক্তব্যে মহানগর বিএনপি নিয়ে বিভিন্ন জনের সমালোচনায় আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, সবাই আমাদের দিকেই (ঢাকা মহানগর বিএনপি) আঙ্গুল তুলছে। আমরা নাকি সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়েছি। সব দায় নাকি আমাদের। এটা দুঃখজনক। খোকা বলেন, এ সব সমালোচনায় অবশ্য ভেঙে পড়ার কিছু নেই। যে যাই বলুন, আমরা আমাদের কাজ করে যাবো। যেকোনো আন্দোলনে মহানগর সামনে ছিল, ভবিষ্যতেও থাকবে। খোকা আরো বলেন, মহানগর বিএনপির নেতাকর্মীরা গুলি বুকে খান, পিঠে খান না। সংগ্রামে পেছনে সরে যাওয়ার লোক নই আমরা। তাই আমরা আমাদের কাজ করে যাবো। এক সময় আমাদের ব্যাপারে অন্যদের ভুল ভাঙবে। ‘পাছে লোকে কিছু বলে’ এমন চিন্তায় মশগুল থাকলে রাজনীতি করা যায় না। এদিকে, একই সময়ে ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত কোতোয়ালি ও বংশাল থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম। বৈঠক সূত্রে জানা গেছে, সালামও এ কর্মসূচিকে অগ্নিপরীক্ষা হিসেবে নিয়েছেন। কারণ, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার জন্য সরাসরি সালামের দিকেই অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে বিএনপির বিভিন্ন মহল থেকে। বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আবদুস সালাম বলেন, অনেকে অনেক অপবাদ দিয়েছেন। শুধু সেই অপবাদ ঘোচানোর জন্যই নয়, দলের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এ কর্মসূচি সফল করতে হবে। উভয় বৈঠকেই পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতির আহ্বান জানান নেতারা।