‘আমরা বাংলার দালাল’

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হচ্ছে! প্রতিটি পরীক্ষার আগে সামাজিক গণমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করা হয় কীভাবে? আর এদিকে শিক্ষামন্ত্রীকে বৃথাই যোগ্য ব্যক্তি হিসাবে প্রমাণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাপ আয়োজিত কর্মী সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা চাই জনগণের জন্য কিছু করতে, তাই ১৯ দল থেকে বেরিয়ে এসেছি। ১৯ দলে থাকলে আমার নিজের লাভ হত কিন্তু জনগণের নয়। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিদ্যুৎ নিয়ে আজকে মিথ্যাচার করা হচ্ছে। গ্রামে নাকি ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না? আর এদিকে সরকার বলে বিদ্যুতের কোনও ঘাটতি নেই। আমরা বাংলার দালাল উল্লেখ করে তিনি বলেন, মাওলানা ভাসানী চীন বা পাকিস্তানের দালাল ছিলেন না? তিনি ছিলেন বাংলার দালাল। সভায় ঢাকা মহানগর আহ্বায়ক খালেদ শাহরিয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন চুন্নু, সহসভাপতি এম আখতারুজ্জামান, কেন্দ্রীয় মহাসচিব হাসরত খান ভাসানী প্রমুখ।