জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাকে 'স্বাভবজাত মিথ্যাবাদী' বলে অভিহিত করেছেন বিকল্পধারা বাংলাদেশের (বিডিবি) সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার বিডিবি থেকে দেওয়া এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা একথা বলেন। শনিবার এক অনুষ্ঠানে এরশাদ বলেন, “আমি যতটুকু জানি চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়ার হত্যার সঙ্গে যে জড়িত ছিল সে ঘটনায় সময় তার পাশের রুমে ছিল। এখন খালেদা জিয়া তাদের সঙ্গে রাজনীতি করছেন। তাদের কেন বিচার করেননি তিনি?” এ প্রসঙ্গে বদরুদ্দোজা বিবৃতিতে বলেন, “গতকাল (শনিবার) এরশাদ ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমান হত্যা সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছেন। জিয়াউর রহমানের খুনের ঘটনায় এরশাদ সরাসরি ফল ভোগ করেছেন।” জিয়ার খুনের সঙ্গে এরশাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “মনজুর (মেজর জেনারেল মনজুর) যদি বেঁচে থাকতো তাহলে ওই ঘটনায় এরশাদের সম্পৃক্তার বিষয়টি স্পষ্ট করতে পারত।”