৪৮ ঘণ্টার মধ্যে ৩ র্যাব কর্মকর্তাকে গ্রেফতার না করলে নারায়ণগঞ্জে লাগাতার হরতালের কড়া হুশিয়ারি দিয়েছেন নিহত পরিবারের স্বজনেরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে হাজির হয়ে এ ঘোষণা দেন নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলামের ছোটভাই আব্দুস সালামসহ অন্য পরিবারের স্বজনেরা। এমন কর্মসূচি ঘোষণা হলে একাত্মতা প্রকাশ করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সাখওয়াত হোসেন। তিনি জানান, আদালতের নির্দেশের ৫ দিন পার হলেও গ্রেফতার না করা অাদালত অবমাননার শামিল। তাই নিহত ৭ জনের পরিবার হরতাল বা যেকোনো কর্মসূচি দিলে তাতে আমার একাত্মতা প্রকাশ করব। তিনি আরো জানান, অনির্দিষ্টকালে কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। ৯টা থেকে ১০টা পর্যন্ত কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার গণশুনানি তদন্তদলের সঙ্গে সাক্ষাত শেষে নিহত নজরুল ইসলামের শশুর শহীদ চেয়ারম্যান জানান, মৃত্যুকে আর ভয় পাই না। র্যাব কর্মকর্তারা গ্রেফতার হচ্ছে না। শুনেছি, নূর হোসেন ভারতে পালিয়ে গেছে। তাই তাদের গ্রেফতারে আন্দোলনে নামব আমরা। আর দুই দিন দেখব। তার পরই হরতালের কর্মসূচি ঘোষণা করব। নিহত মনিরুজ্জামান স্বপনের বাবা মুক্তিযোদ্ধা হায়দার আলী খান জানান, ছেলে হারিয়েছি, ছেলের বিচার চাইতে যদি আন্দোলনে নেমে মরতে হয়, মরব। র্যাব কর্মকর্তারা কি আইনের ঊর্ধ্বে? কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের জানান, আমরা অার দুই দিন দেখব। তারপর আন্দোলনে নামব।