প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজীবন সম্মানিত সদস্য ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এক সমাবেশে এ ঘোষণা দেয় ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ‘সভাপতির অনুমতি নিয়ে এ ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলেন, তাঁর বর্তমান কর্মকাণ্ডে সংগঠন গর্বিত। তাই তাঁকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজীবন সম্মানিত সদস্য করা হয়েছে।’ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশের আগে একটি আনন্দ মিছিল বের করে ঢাবি ছাত্রলীগ। মিছিলটি মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় সমাবেশ করে।