আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের চেয়েও বড়: রিজভী

 

“সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনও কোনও সদস্য প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য ছাত্রলীগের সভাপতির চেয়েও বড় ভূমিকা পালন করছে।” সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “সংবিধান ও রাষ্ট্রের অঙ্গগুলোকে হাসিনা খেলার সামগ্রী মনে করে, তিনি যখন যা খুশী করছেন।”

বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আইন প্রয়োগকারী সংস্থা এবং দলীয় প্রভাবিত মিডিয়ার প্রচারের ধুম্রজালের আড়ালেও মানুষের যন্ত্রণা তারা ঢাকতে পারছে না। দুর্নীতি পাগলা ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে।”

রিজভী আরও বলেন, “সরকারের কুকর্ম প্রকাশ করতে বাধা দেওয়ার জন্যই বিরোধীদলকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সরকারের এই নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ঐতিহাসিক প্রতিশোধ নিতে হবে।”