"আওয়ামী লীগ করলে তোমাদেরও পুড়িয়ে মারবে"

"তোমরা আর আওয়ামী লীগ কোরো না, যদি করো তাহলে তোমাদেরকেও পুড়িয়ে মারবে।" ফেনীতে একরাম হত্যাকাণ্ড প্রসঙ্গে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন ছাত্রদলের সাবেক এ সভাপতি। দুদু ক্ষোভ প্রকাশ করে বলেন, "আপনারা নারায়ণগঞ্জের সাত খুনের আসামিদের ধরতে পারেন না। শুধু বিএনপির লোকদের বিনা কেসে গ্রেফতার করে নিয়ে যান।" এদিকে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন "যেদিন জনগণের সরকার ক্ষমতায় আসবে, সেদিন এই সরকারের সংবিধানকে ছেড়া ন্যাকড়ার মতো ছুড়ে ফেলে দেবে।" বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, "এখন ২ কোটি টাকার ঠিকাদারি কাজের জন্যেও কোনও অভিজ্ঞতা লাগে না। যাকে যেভাবে খুশি রাষ্ট্রীয় সম্পদ ভাগ করে দেওয়া হচ্ছে।" ত্বকি হত্যা প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, "ত্বকি হত্যার বিচারের চার্জশিট দিতে প্রধানমন্ত্রী নিজেই বাধা দিচ্ছে। আর এই কথা ত্বকির বাবা নিজের মুখে বলেছেন।" জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক মেয়র আব্দুল মজিদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন, সাবেক সংসদ সদস্য মেহেদি আহম্মেদ রুমি, সংগঠনের সদস্য এম এ হান্নান প্রমুখ।