র‌্যাবের কর্নেল জিয়াকে গ্রেফতারের দাবি বিএনপির

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসানকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত যাবতীয় গডফাদারদেরও গ্রেফতারের দাবি জানান তিনি। রিজভী বলেন, “র‌্যাব হত্যাকাণ্ড সম্পর্কে সব জানত। তাহলে তারা কেন চুপ ছিল, জনগণ তা জানতে চায়। গণমাধ্যমে জিয়াউল আহসানের নাম বিভিন্ন বার এসেছে। কিন্তু তার পরও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না।” রিজভী আরও জ‌‌‌ানান, বিএনপি বিশ্বাস করে, হাইকোর্ট আদেশ না দিলে র‌্যাবের ওই তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হতো না। সরকার ঘটনাটি ধামাচাপা দিত। এ ঘটনায় যাদেরই নাম এসেছে, তাদেরই গ্রেফতারের করে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, "আমরা মনে করি, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সঙ্গে যাদের নাম এসেছে, তাদের গ্রেফতার না করাটা ন্যায়বিচারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।"