বিহারিদের ওপর হামলা চালিয়েছে আ'লীগ সন্ত্রাসীরা: খালেদা

রাজধানী কালশীতে বিহারি ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিসংযোগে ১০জন নিহত হওয়ার ঘটনাকে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এঘটনাকে কাপুরুষোচিত ও বর্বর হামলা উল্লেখ করে এর বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছেন। শনিবার বিকেলে প্রকাশিত ওই বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, "বিহারি ক্যাম্পে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা অগ্নিসংযোগ এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরীহ মানুষের ওপর ন্যাক্কারজনক হামলায় ১০ জনের প্রাণহানি এবং বহু লোক আহত হয়েছে।” তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খালেদা বলেন, “যে কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতার পরিপন্থী কাজ--এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু।” খালেদা বলেন, “সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার জন্যই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। তাই সরকারি দলের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শুধুমাত্র বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপরই পৈশাচিক হামলা চালাচ্ছে না, এদের কারণেই সাধারণ নাগরিকরাও ভয়ে ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।”