রাজধানীর বাংলামোটরে গাড়িতে আগুন দিয়ে এক পুলিশ কনস্টেবলকে হত্যার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
মুখ্য মহানগর হাকিম মো. হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন।
এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করে দিয়েছেন আদালত।
মির্জা ফখরুলের সঙ্গে আরো জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ শীর্ষ কয়েকজন নেতা ও কর্মী।
গত বছর ২৪ ডিসেম্বর রাতে দায়িত্ব পালন শেষে রাজারবাগের ট্রাফিক ব্যারাকে ফেরার পথে পেট্রোল বোমায় নিহত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (দক্ষিণ) কনস্টেবল ফেরদৌস খলিল।
এ ঘটনায় পরদিন দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাদের আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন একই থানার এসআই নাজমুল ইসলাম।