আগামী নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনও সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন , “আপনি আলোচনা করতে চান ঠিক আছে, কিন্তু এখন আমি বলতে চাই নির্বাচনের আগে আলোচনা করার কোন সুযোগ নেই। যদি আলোচনা করতে চান, তাহলে বলুন সংবিধান অনুযায়ী সরকার বৈধ, তাহলে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে কিনা তা ভেবে দেখা হবে।” রোগী ও ডাক্তারদের সুরক্ষায় পৃথক দুটি আইন করা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “ডাক্তার হবেন রোগীকে সেবা করার জন্য, কাউকে মারার জন্য নয়। সবাইকে সহনশীল হতে হবে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।” সংগঠনের সভাপতি ডা. আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।