বিকালে জয়পুরহাটে খালেদার সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রবিবার জয়পুরহাটে সমাবেশ করবেন। গুম-খুন-হত্যার প্রতিবাদে তিনি এ সভা করবেন। রবিবার বিকেল ৩ টায় জেলার রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ হবে। এরই মধ্যে তিনি শনিবার রাতে বগুড়ায় পৌঁছেছেন।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, “বেলা ১২টার দিকে সার্কিট হাউজ থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। জনসভা শেষে সন্ধ্যায় ঢাকার ফিরবেন তিনি।”

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই জেলা বিএনপি জনসভার সব প্রস্তুতি শেষ করেছে। জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান জানান, জনসভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সব প্রতিকূলতা উপেক্ষা করে জনসভায় লক্ষাধিক জনতা সমবেত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে রোযা ঈদের পর সরকার পতন আন্দোলনের দিক নির্দেশনামূলক আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, জেলার কালেক্টরের মাঠে প্রথমে সমাবেশের অনুমতি চেলেছিল বিএনপি। তবে স্থানীয় প্রশাসনের অনুমতি না পেয়ে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়েরই তারা এ সমাবেশের আয়োজন করে।