আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে সোমবার ২৩ জুন। এ উপলক্ষে সমাবেশ ও আলোচনাসভাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী পালন ব্যবস্থাপনা ও সমন্বয় উপকমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানান, এ উপলক্ষে ঢাকা মহানগরীসহ দেশের সব জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন লাগানো হবে। এসব ব্যানার-ফেস্টুনে দলটির ৬৫ বছরের ইতিহাস, ঐতিহ্য, গৌরবময় কর্মকাণ্ড তুলে ধরা হবে।

কর্মসূচিতে অারও রয়েছে দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সকাল ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ানো হবে।

বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাদদেশ থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে গিয়ে শেষ হবে।

এছাড়া আগামী ২৮ জুন বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।