সিলেটে জামায়াতের ডাকা আধাবেলা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগরীতে সোমবার আধাবেলা হরতালের ডাক দেয় জামায়াত। দুপুর ১২টায় হরতাল শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরতাল চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে পাঠানটুলা লতিফ মঞ্জিলের সামনে থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি মদিনা মার্কেট যাওয়ার পর হরতাল সমর্থকরা ৮টি সিএনজি অটোরিকশা ও ২টি লেগুনা (হিউম্যান হলার) ভাঙচুর করে।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বাবুল বাংলা ট্রিবিউনকে জানান, হরতাল চলাকালে নগরীর কোথাও ভাঙচুর হয়নি।
প্রসঙ্গত, পুলিশ সহিংসতা ও গাড়ি পোড়ানোসহ বেশ কয়েকটি মামলায় শনিবার দুপুরে নগরীর উপশহর থেকে জামায়াত নেতা ফখরুল ইসলামকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে রবিবার তাকে হাজতে প্রেরণ করা হয়।