প্রতিবন্ধকতা উপেক্ষা করে সরকার সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, “সরকারের পরিচালনা করতে গিয়ে আমরা ধাপে ধাপে নানা রকমের প্রতিবন্ধকতার মুখে পড়ছি। তবে এই প্রতিবন্ধকতা উপেক্ষা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।” সরকারের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। বুধবার বিকেলে সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে আব্দুল লতিফ এসব কথা বলেন। মন্ত্রী অারও বলেন, “স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তি এখনও দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের এই ষড়যন্তকে প্রতিহত করতে হবে। শুধু তাই নয়, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের আসার কথা ছিল। তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। অনুষ্ঠানে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “গণতন্ত্রে উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের দলকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত ঢেলে সাজাতে হবে। তা না হলে সরকারের কাজ জনগণের মাঝে পৌঁছানো সম্ভব হবে না। সরকার দেশ পরিচালনা করবে আর ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের কাছে পৌঁছে দেবে।” প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “স্বাধীনতাবিরোধীরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু অামরা যতদিন অাছি ততদিন তাদের পথভ্রষ্ট করতে পারবে না। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।” আ'লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অনেকে।