মঞ্চ থেকে নামিয়ে দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের

‘আগে জানলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হিসেবে সম্মান দিতাম’

ওবায়দুল কাদের (ফাইল ছবি)চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় এক অনুষ্ঠানের মঞ্চ থেকে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি যখন অনুষ্ঠানে ছিলাম কেউ আমাকে বিষয়টি জানাননি। আমি সাড়ে ১২টার দিকে সভাস্থলে যাই। তখনও কেউ আমাকে বলেননি। জানিয়েছেন ফেরার সময় বিমানবন্দরে। তবে কেউ অভিযোগ করেননি। আমি ঘটনাটি শোনার পর মেয়র আ জ ম নাছিরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, সম্মেলনের আগের দিন তিন সাংগঠনিক জেলার নেতারা বসে মঞ্চে কারা বসবেন তার ক্যাটাগরি ঠিক করেন। এই ক্যাটাগরিতে হাসিনা মহিউদ্দিন ছিলেন না। এজন্য তাকে নামিয়ে দেওয়া হয়েছে। তবে আমি যদি জানতাম তাহলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হিসেবে তাকে সম্মান জানাতাম।’

আজ সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় সমসাময়িক নানা প্রসঙ্গে তিনি আলোচনা করেন।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পাঁচ সাংগঠনিক জেলার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন হয়। অভিযোগ উঠেছে, সেখানে হাসিনা মহিউদ্দিনকে মঞ্চ থেকে নামিয়ে দেন বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।