টেবিলে নয়, লড়াইয়ে ঐক্য আসে: মেনন


বারবার ঐক্য প্রতিষ্ঠা করা হলেও এর লক্ষ্য অর্জন সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্যের কথা উচ্চারিত হয়, সেটি লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়। টেবিলে বসে বা কথা বলে ঐক্য হয় না।’ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাসদ আয়োজিত দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ‘জাসদের জন্ম লগ্ন থেকেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে ছিল। প্রথমে তিন জোটের ঐক্য, পরে ১৫ দল, ৫ দল ও শেষে তিন জোটের ঐক্যের ঘোষণার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান এবং সর্বশেষ বিএনপি-জামায়াতের আমলে ১৪ দলের ঐক্য হয়েছে। এই সমস্ত ঐক্যের মধ্য দিয়ে আমরা পরস্পরের হাত ধরে এগিয়েছি। কিন্তু আমরা বারবার হোঁচট খাচ্ছি— যে ঐক্যের কথা আমরা বলি, তার লক্ষ্যগুলোকে আমরা পূরণ করতে পারি না।’

তিনি বলেন, ‘সমাজে এখন এমন অস্থিরতা বিরাজ করছে, যার ফলে আমাদের সমাজ একটি মানবিক সমাজ হয়ে উঠতে পারছে না। অথচ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি মানবিক রাষ্ট্র গড়ার কথা ছিল। তবে আজ আমাদের সমাজের অবস্থা কি? আমরা দেখি দেশে বৈষম্যের পাহাড় তৈরি হচ্ছে। এই বৈষম্য ধনী-দরিদ্রের নয়, এক একটি অঞ্চলভিত্তিক বৈষম্য। এর পরিণতি হবে সামাজিক অস্থিরতা।’

মাঠের লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, আসুন বৈষম্যের বিরুদ্ধে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে, মাদকাসক্তির বিরুদ্ধে ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে অংশগ্রহণ করি। আসলে এটাই ছিল আমাদের ২৩ দফা কর্মসূচির মূল কথা।

তিনি আরও বলেন, জনগণকে নিয়েই আমাদের এগোতে হবে। আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে বাংলাদেশের মানুষ অনেক দূর পিছিয়েছে। এই দুটো সত্যই মানুষের সামনে স্পষ্ট করে বলা প্রয়োজন।

আলোচনা সভায় বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন।