খোকাকে দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চাইলেন ফখরুল

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ক্যানসারে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা যেন দেশে ফিরে আসতে পারেন, এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘সাদেক হোসেন খোকা আমাদের ও তার বন্ধুদের বলেছেন, ‘দেশের মাটিতেই যেন আমার কবর হয়’। রবিবার (৩ নভেম্বর) সকালে তার (খোকার) ছেলে আমাকে ফোন করে বলেছে, তার বাবার ইচ্ছাটা সে পূরণ করতে চায়। তিনি যেন দেশে ফিরতে পারেন, তার উদ্যোগ নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’’

রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, তিনি যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে  মনে করি।’

প্রসঙ্গত, ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বর্তমানে ক্যানসারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার জন্য ২০১৪ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশের বাইরে যাওয়ার পর কয়েকটি দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হয়।

খোকার পরিবারের সদস্যরা জানান, ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর আর তার এবং তার পরিবারের কয়েকজন সদস্যের পাসপোর্ট দেয়নি সরকার।

মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, সাদেক হোসেন খোকাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়ে আমাদের কাছে পাঠান। দোয়া করি আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য, যাকে কেন্দ্র করে আমাদের রাজনীতি গড়ে তুলেছি। তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছেন। তিনি যেন সুস্থ ও মুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিতে পারেন।’

খোকা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘যে মানুষ ঢাকা মহানগর শুধু নয়, সারাদেশে যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের প্রিয় মানুষ। যিনি আমাদের ঢাকা মহানগরের সব নেতাকর্মীর কাছে সত্যিকার অর্থে একজন দরদি মানুষ। এমন কোনও নেতাকর্মী নেই, যাদের প্রয়োজনে তিনি এগিয়ে আসেননি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন আমরা স্বৈরাচার ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করছি, তখন সাদেক হোসেন খোকাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। তিনি ক্যানসার রোগে ভুগছেন। চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আমি কয়েকবার তার সঙ্গে নিউ ইয়র্কে দেখা করেছি। প্রতিবারই তিনি আমাকে বলেছেন, যদি অসুস্থ না হতাম, তাহলে আমি দেশে গিয়ে জেলে যেতাম, মানুষের সঙ্গে থাকতাম।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের জাঁতাকলে পড়ে শুধু সাদেক হোসেন খোকা নন, আমাদের অনেক মানুষ এখন অসুস্থ হয়ে পড়েছেন এবং অনেকেই এখন শেষ পর্যায়ে চলে এসেছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও শাজাহান সিরাজ সাহেব অত্যন্ত অসুস্থ। আমাদের যারা বয়স্ক মানুষ আছেন, তারা এখন অসুস্থ হয়ে পড়ছেন দেশের এই অবস্থার কারণে।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, বিএনপির সাবেক সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, মীর সরফত আলী সপু প্রমুখ।