বিতর্কিতরা নেতৃত্বে নয়: ওবায়দুল কাদের

qader-1-bssসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল ও সহযোগী সংগঠনগুলোর আসন্ন সম্মেলনে বিতর্কিতরা নেতা হতে পারবেন না। অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্তরা নেতৃত্ব পাবেন না।
সোমবার (৪ নভেম্বর) কৃষক লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সহযোগী সংগঠনগুলোর আসন্ন সম্মেলনে নেতৃত্বে পরিবর্তন আসবে। তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে কমিটি হবে।’
তিনি বলেন, ‘এবারের সম্মেলনে বেশিরভাগ ক্ষেত্রে নেতৃত্বে পরিবর্তন আসবে। নতুন নেতৃত্ব আসবে, পুরাতনও দরকার। দলের জন্য অভিজ্ঞ এবং এনার্জি আছে তাদেরও লাগবে। তবে নতুন ও পুরাতনের সমন্বয় কমিটি গঠন করা হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বেও পরিবর্তনে আসবে। কিছু বিতর্কিত লোকজন সংগঠনে ঢুকেছে। তাদের নেতৃত্ব আনবো না, এটা আমাদের নেত্রীর (প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) নির্দেশ।’
আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন হতে পারে বলে ঈঙ্গিত দেন তিনি। দুই শাখার নেতাদের সঙ্গে তার কথা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘১৫ ডিসেম্বরের আগেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে। ১২ ও ১৩ তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, এরপর অন্য কর্মসূচি আছে, তাই পেছানোর সুযোগে নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতা সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে সরকারের কোনও অসহযোগিতা থাকবে না। যদি অন্য দেশে কোনও সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।