কারাবন্দি চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ সমাবেশক চলছে। এর আগে সমাবেশকে কেন্দ্র করে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও ফ্যাস্টুন সহকারে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন।
রবিবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হয়।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নাইটিংগেল, ফকিরাপুল ও নয়াপল্টন এলাকার রাস্তায় যান চলাচল কমে গেছে। তবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে একটি লেন যান চলাচলের উন্মুক্ত রাখা হয়েছে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘আজকের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের চূড়ান্ত ডাক আসতে পারে। সরকারের সব বাধা অতিক্রম করে সমাবেশে ব্যাপক জমায়েত হয়েছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। কারাবন্দি অবস্থায় বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।