‘এই সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়’

এলডিপির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম২০ দলীয় জোট নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখ রাতে করার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের চেতনা ভূলুণ্ঠিত করেছে।’
সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পল্টনে দলের অস্থায়ী কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এলডিপি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই বিজয়ের দিনে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ের শপথ নিচ্ছি। এই সরকারের হাতে দেশের জনগণ ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অতএব তাদের বিদায় করতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়া অসুস্থ, এরপরও তাকে জামিন দেওয়া হয়নি। অথচ ১০ বছরের সাজা মাথায় নিয়ে এখনও মন্ত্রিত্ব করে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নেতারা। শত শত কোটি টাকার ঋণখেলাপিরা মন্ত্রী হয়ে যাচ্ছেন। আর আড়াই কোটি টাকার মিথ্যা মামলায় বিরোধী দলের নেতারা জেলে থাকছেন।
এলডিপি ঢাকা উত্তরের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য এম এ বাসার, সৈয়দ ইব্রাহিম রওনক, কাজী মতিউর রহমান মিলন, আতিকুর রহমান ফারুক প্রমুখ।