আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ থেকে বাড়িয়ে ৫১

আওয়ামী লীগক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবার ৪১ জন থেকে বাড়িয়ে ৫১ জন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি জানান, পুরনো কমিটির সব উপদেষ্টাকে নতুন কমিটিতেও রাখা হয়েছে। বাকিদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর)। দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে শনিবার। শেষ দিন প্রথমে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। এরপর দলের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নাম প্রস্তাব করে কাউন্সিলের সম্মতি নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।