রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তাপসকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফজলে নূর তাপস বলেন, ‘যারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। ঢাকা ১০ আসনের আপামর জনগণকে কৃতজ্ঞতা জানাই; যারা সবসময় অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে আমার ওপর আস্থা রেখেছেন। এলাকার মানুষ যেমন ভালো বেসেছেন, আস্থা রেখেছেন; তেমনি দক্ষিণের সব জনগণ আস্থা রাখবেন বলে আমি আশা করি।’
আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘আগেও সংবাদমাধ্যমে বলেছি, আমি উপলব্ধি করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের জন্য নিরলস কাজ করে চলেছেন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য দিয়েছেন, এর জন্য উন্নত রাজধানী প্রয়োজন। আমি এই সুযোগটা গ্রহণ করতে চেয়েছি।’
নাগরিকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় এ সময় উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন ফজলে নূর তাপস। তার কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান তাপস।
তিনি বলেন, ‘আমি পূর্ণ সময় দক্ষিণের জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করে যাবো। অনেকের মনে ক্ষোভ থাকতে পারে মনোনয়ন না পাওয়ায়। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না। সবার সহযোগিতা কামনা করছি।’