শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র। সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের পার্টির দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। ৭৫ পরবর্তী সময়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়ার আছে। নতুন প্রজন্মের জন্য তার নম্রতা, সততা ও বিনয় অনুকরণীয় দৃষ্টান্ত।’ তিনি বলেন, ‘আমি মনে করি তার প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে, যদি আমরা তার মতো বিনয়ী আচরণ করতে পারি এবং সৎ হতে পারি।’
এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
প্রসঙ্গত, আজ শুক্রবার (৩ জানুয়ারি) সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।