ঢাকা সিটি নির্বাচনে বিএনপির ৭ কমিটি

বিএনপিঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৭টি কমিটি গঠন করেছে বিএনপি। এগুলো হলো দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটি, লিগাল এইড কমিটি, টকশো সমন্বয় কমিটি, সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যালোচনা কমিটি, ইভিএম ব্যবহারে জনমত গঠন কমিটি, আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা কমিটি ও পুলিশের সঙ্গে সাক্ষাৎ কমিটি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার (৪ জানুয়ারি) জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদকে দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়েছে
বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে বিএনপির কোন কোন নেতা টকশোতে অংশ নেবেন, তা সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। এ কাজে তাকে সহায়তা করবেন যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
নির্বাচনকালীন নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি বন্ধে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে বিএনপির পেশাজীবী সংগঠন আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমানকে লিগাল এইড কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনি প্রচারণায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যালোচনার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনের নিরপেক্ষতা ও ইভিএম মেশিন ব্যবহারের ফল বিষয়ে জনমত গড়ে তোলার জন্য বিএনপিপন্থী শত নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসার ইমাজউদ্দিন আহমেদ উদ্যোগ নিতে বলেছেন মির্জা ফখরুল।
নির্বাচন নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে দায়িত্বে দেওয়া হয়েছে।
দলনিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এবং নির্বাচনকালীন যেকোনও উদ্ভূত সমস্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে দলের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূইয়া ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে দায়িত্ব দেওয়া হয়েছে।