মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আইনজীবীদের নিয়ে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে এ মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
এ.এফ.এম সোলায়মান চৌধুরী বলেন, জন আকাঙ্ক্ষার লক্ষ্য হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করা। তাই আমরা নাগরিকদের অধিকারকে প্রাধান্য দিয়ে দলের কর্মসূচি দেবো। তাহলেই আমাদের নতুন দল গঠনের উদ্যোগ সফল হবে।
তিনি আইনজীবীদের জন আকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান।
মতবিনিময় সভায় জন আকাঙ্ক্ষার সমন্বয়ক মজিবুর রহমান মন্জু বলেন, জাতীয় ঐক্য তৈরি করা খুব কঠিন কাজ, তবে আমাদের যেকোনও মূল্যেই ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জন আকাঙ্ক্ষা হবে গবেষণার ভিত্তিতে কর্মসূচি নির্ভর একটি নিরপেক্ষ দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. মো. মাইমুল আহসান খান বলেন, দেশে এক অর্থে বিরাজনীতিকীকরণ চলছে। দেখে মনে হবে দেশে কোনও রাজনৈতিক অস্থিরতা নাই। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় রাজনীতির বিকল্প অন্য কিছু হতে পারে না। দলীয় রাজনীতি হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শে উজ্জীবিত। তিনি আইনজীবীদের দেশ ও দশের উন্নতি সাধনে ব্রতী হবার আহবান জানান।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে আমাদের অনেক বড় করে ভাবতে হবে। সাহস করে, বুক চিতিয়ে দাঁড়িয়ে আমরা যদি সাম্য, ন্যায় ও মানুষের অধিকারের কথা বলতে না পারি, তাহলে এই দুঃসময়ের পরিবর্তন সম্ভব নয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিকল্পধারা বাংলাদেশের সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম বাদল, সিনিয়র অ্যাডভোকেট ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার মুসতাসিম তানজির, অ্যাডভোকেট রেইনা নূর, ব্যারিস্টার তরিকুল ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ শামীম, অ্যাডভোকেট সাঈদ নোমান, অ্যাডভোকেট এবি সিদ্দিক হিল্লোল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট আইউব আলী আশরাফী প্রমুখ।