তাপসকে বিজয়ী করুন, গণর‌্যালিতে আ. লীগ নেতাদের আহ্বান

সমাবেশে ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। ঢাকা দক্ষিণের জনসাধারণের প্রতি তারা বলেন, তিলোত্তমা ঢাকা গড়তে যোগ্য ব্যক্তি তাপসকে নির্বাচিত করুন। আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করুন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক র‌্যালি থেকে এ আহ্বান জানানো হয়। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালির আগে দুটি খোলা ট্রাক একত্র করে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সেখানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।
আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন তিলোত্তমা ঢাকা। নৌকায় ভোট দিয়ে তাপসকে বিজয়ী করে সেই তিলোত্তমা ঢাকা গড়তে হবে।’ ভোটের দিন যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ঢাকাবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
শেখ ফজলুল করিম সেলিম আধুনিক পরিচ্ছন্ন ঢাকা গড়তে তাপসকে বিজয়ী করার আহ্বান জানান।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘নৌকা বিজয়ের প্রতীক, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। এই নৌকা জিতবেই। নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’
আব্দুর রহমান বলেন, ‘প্রতিপক্ষ এক-দেড়শ’ অস্ত্রধারী ঢাকায় নিয়ে এসেছে। আপনাদের কেন্দ্রে থাকতে হবে, পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দিয়ে শেখ তাপসকে বিজয়ী করে, সেই বিজয় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।’
র‌্যালিতে যোগদানের লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে সড়কের একপাশে জড়ো হন তারা।
সমাবেশ চলাকালে সেখানে উপস্থিত হন ফজলে নূর তাপস। তিনি উপস্থিত হওয়ার পর পাল্টে যায় দৃশ্যপট। অস্থায়ী মঞ্চে উঠতেই ‘নৌকা –নৌকা’ স্লোগান ওঠে। কারও কারও স্লোগান ছিল, ‘মুজিব বর্ষের প্রথম ভোট, নৌকা মার্কার পক্ষে হোক।’
সেখানে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মুজিববর্ষে উন্নত ঢাকা গড়তে এবং শেখ হাসিনাকে উন্নত ঢাকা উপহার দিতে বিজয় নিশ্চিত করতে হবে। আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত।’ এ সময় তিনি আগামী পহেলা ফেব্রুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে ভাইয়ের পক্ষে ভোট প্রার্থনা করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।