বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। আজকে তাদের পক্ষে থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল (শনিবার) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।’
নাম প্রকাশ না করে ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপিকে সমাবেশ করার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সকালে তাদের আবেদনের পক্ষে শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতির চিঠি ইস্যু হবে।’
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে সমাবেশ করার ঘোষণা দেন মির্জা ফখরুল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন আদালত। এরপর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা চলছে। দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত বছরের ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।